রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- সোমবার, ২৯ জুন, ২০২৬

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রতিশ্রুতি নিয়ে বিরোধের জেরে এক কিশোরীর ছুরিকাঘাতে সাঈদ আব্দুল্লাহ সিয়াম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত কিশোরী ও নিহতের এক বন্ধুকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) ভোরে চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই এলাকার হাজী এনামুল হকের ছেলে।

পুলিশ জানায়, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে সিয়ামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাদের মধ্যে বিয়ে নিয়ে বিরোধ সৃষ্টি হয়। রোববার রাতে ওই কিশোরী সিয়ামের বাড়িতে গেলে সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরে থাকা ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করলে তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত কিশোরী ও সিয়ামের বন্ধু আরিয়ানকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও জব্দ করা হয়।

চৌদ্দগ্রাম থানার ওসি আরিফুল রহমান জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।