মানিকগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে রবিবার বিকেলে ঐতিহ্যবাহী মিরাজ–তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ‘লাল–সবুজের প্রীতি ফুটবল ম্যাচ ২০২৬’। সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রীতি ম্যাচকে ঘিরে স্টেডিয়ামজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান, জেলা সমাজসেবা অফিসার আব্দুল বাতেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং জেলার সাংবাদিক নেতারা।
নির্ধারিত সময়ের খেলায় একমাত্র গোলের সুবাদে লাল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সবুজ দল। পরাজিত লাল দল রানারআপ হয়।
ম্যাচে সবুজ দলের নেতৃত্ব দেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস। অন্যদিকে লাল দলের অধিনায়ক ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম।
খেলা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় বক্তারা বলেন, এমন প্রীতি ম্যাচ সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।