মাদকমুক্ত যুবসমাজ গঠনে শ্যামনগরে তরুণদের মাঝে ফুটবল বিতরণ

শ্যামনগর প্রতিনিধি, এস কে সিরাজ   প্রকাশিত হয়েছে- সোমবার, ২৯ জুন, ২০২৬

যুবসমাজকে মাদকাসক্তির ঝুঁকি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন কোস্টাল ইয়ুথ সোসাইটি। সংগঠনটির উদ্যোগে শ্যামনগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নকিপুর মাজাট এলাকায় একদল তরুণ খেলোয়াড়ের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও কোস্টাল ইয়ুথ সোসাইটির সভাপতি এস. কে. সিরাজ। তিনি যুবসমাজের উদ্দেশ্যে মাদকবিরোধী সচেতনতামূলক বক্তব্যে বলেন, “মাদক নয়, খেলাধুলাই হোক তরুণদের শক্তি। খেলাধুলার চর্চা বাড়লে সুস্থ, সচেতন ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সেক্রেটারি ও কোস্টাল ইয়ুথ সোসাইটির সেক্রেটারি জি. এম. ইয়াছিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক জি. এম. আমিনুর রহমান, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান ত্যাগী, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. হযরত আলী শান্ত এবং কোষাধ্যক্ষ জি. এম. রাজু আহমেদ।

এ সময় শ্যামনগর ইউনিয়নের মাজাট গ্রামের গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত থেকে সংগঠনটির এ উদ্যোগের প্রশংসা করেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, কোস্টাল ইয়ুথ সোসাইটি দীর্ঘদিন ধরে সমাজ উন্নয়ন, ক্রীড়া চর্চা এবং মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছে। পাশাপাশি উপকূলীয় অঞ্চলের মানুষের আত্মসামাজিক ও মানবিক উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তাদের পাশে থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তারা।