ব্যাংকের আমানত সুরক্ষার দাবিতে চট্টগ্রামে গ্রাহকদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

চট্টগ্রাম প্রতিনিধি, মারুফ প্রকাশিত হয়েছে- সোমবার, ২৯ জুন, ২০২৬

শরীয়াহভিত্তিক কয়েকটি ইসলামী ব্যাংকের আমানত সুরক্ষা ও গ্রাহকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে ‘সম্মিলিত পাঁচ ইসলামিক ব্যাংক ডিপোজিটরস অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে শত শত আমানতকারী নগরীতে এ কর্মসূচিতে অংশ নেন।

সকাল থেকেই নগরীর নিউ মার্কেট মোড়ে জড়ো হতে থাকেন ভুক্তভোগী গ্রাহকরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের দিকে অগ্রসর হয়। মিছিলটি সেখানে গিয়ে শেষ হলে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

এ সময় সংগঠনের পক্ষ থেকে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের প্রধানের সঙ্গে বৈঠকে বসে এবং স্মারকলিপি প্রদান করে। বৈঠকে তারা তিনটি প্রধান দাবি তুলে ধরেন—অবৈধ ‘হেয়ার কাট’ বা আমানত থেকে অর্থ কর্তন বন্ধ করা, ব্যাংকিং লেনদেন স্বাভাবিক করা এবং গ্রাহকের আমানতের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করা।

বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রতিনিধি দলের বক্তব্য শোনেন এবং স্মারকলিপি গ্রহণ করেন। তিনি জানান, বিষয়টি দ্রুততম সময়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পাঠানো হবে এবং সমাধানের বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ করা হবে।

পরে প্রতিনিধি দল নিউ মার্কেট মোড়ে ফিরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মু. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম, অর্থ সম্পাদক আলাউদ্দিন আজাদ এবং সহ-সভাপতি শারমিন আক্তার।

বক্তারা বলেন, শান্তিপূর্ণভাবে দাবি জানানো হয়েছে। তবে দ্রুত সমাধান না এলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।