বসবাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দিনাজপুরের নবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ বাস্তবায়নের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (২৯ জুন) দুপুরে নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বণিক, একাডেমিক সুপারভাইজার মো. শফিউল আলম, আইসিটি অফিসার মো. তারেক সিফাতি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. তরিকুল ইসলাম, প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ ডাবলু, নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান মিলনসহ বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি প্রতিটি পরিবারকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে হবে। ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি একটি পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা অন্তত একটি করে গাছ রোপণ ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে সবুজ ও বসবাসযোগ্য বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।