বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- সোমবার, ২৯ জুন, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের দুটি বেসরকারি কলেজের নামকরণের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে আরও দুটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের অনুমতি দেওয়া হয়েছে।

রোববার (২৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখা থেকে এ বিষয়ে তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল অঞ্চলের অন্তর্ভুক্ত পিরোজপুরের নাজিরপুর উপজেলার নাজিরপুর কলেজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘শহীদ জিয়া কলেজ, নাজিরপুর, পিরোজপুর’।

এছাড়া ভোলার চরফ্যাশন উপজেলার জনতা বাজার কলেজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘জনতা বাজার শহীদ জিয়াউর রহমান কলেজ, চরফ্যাশন, ভোলা’।

অন্যদিকে, পৃথক দুটি প্রজ্ঞাপনে আরও দুই বেসরকারি কলেজের নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ‘মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজ’-এর নতুন নাম দেওয়া হয়েছে ‘সৈয়দ সঈদউদ্দীন ডিগ্রি কলেজ, মাধবপুর, হবিগঞ্জ’।

একই দিনে জারি করা আরেকটি প্রজ্ঞাপনে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ‘আয়েশা ছিদ্দিক মহিলা কলেজ’-এর নাম পরিবর্তন করে ‘আয়েশা ছিদ্দিক মডেল কলেজ’ রাখার অনুমতি দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সংশ্লিষ্ট বেসরকারি কলেজগুলোর নাম পরিবর্তনের অনুমতি যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে দেওয়া হয়েছে। এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখার সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম।