বড়াইগ্রামের কুমরুলে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠক

বড়াইগ্রাম প্রতিনিধি, কায়েস উদ্দিন প্রকাশিত হয়েছে- সোমবার, ২৯ জুন, ২০২৬

নাটোরের বড়াইগ্রাম উপজেলার কুমরুল গ্রামে নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিং, মানব পাচার ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে গ্রাম আদালত বিষয়ক একটি সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় ১ নম্বর জোয়াড়ী ইউনিয়নের ইন্তাজ মেম্বারের বাড়ি সংলগ্ন আমবাগানে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাইলা জান্নাতুল ফেরদৌস। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, মানব পাচার, যৌতুক, যৌন হয়রানি, ইভটিজিংসহ সামাজিক অপরাধ প্রতিরোধে গ্রাম আদালতের ভূমিকা গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, পরিবারে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সচেতন পরিবারই সমাজ পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখতে পারে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর সমাজ গড়ে তুলতে সহায়তা করে।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভীন, ১ নম্বর জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর, ১ নম্বর ওয়ার্ড মেম্বার ইন্তাজ আলী, সংরক্ষিত নারী ইউপি সদস্য শহীদা বেগম ও সেলিনা পারভীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বৈঠকে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নারী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও হিন্দু সম্প্রদায়ের সদস্যসহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিরোধ নিষ্পত্তি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।