প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- সোমবার, ২৯ জুন, ২০২৬

দেশের মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। রোববার (২৮ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত ৫ বছরে ২৫ কোটি গাছের চারা লাগানোর লক্ষ্যমাত্রা এবং প্রতিটি শিশুকে প্রতিবছর বৃক্ষরোপণে সম্পৃক্ত করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাঙ্গণে এই সবুজায়ন কার্যক্রম শুরু হচ্ছে। এর আওতায় আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদরাসাগুলোতে ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, সোমবার দুপুর ২টায় বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মূল অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এ কর্মসূচির উদ্বোধন করবেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদরাসা।

এর আগে কর্মসূচিটি সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে সময় পরিবর্তন করে দুপুর ২টা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে প্রতিবছর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ হাজার টাকা করে বিশেষ জলবায়ু সচেতনতা অনুদান দেওয়া হচ্ছে। এ বছর প্রতিটি প্রতিষ্ঠানে একটি করে ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি বৃক্ষ রোপণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত থেকে কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণকারীরা সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হয়ে তাদের অনুভূতি প্রকাশের সুযোগ পাবেন।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কর্মসূচি সফল করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে জলবায়ু বিষয়ক ব্যানার ও ফেস্টুন টাঙানো হবে। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালিরও আয়োজন করা হবে।

এদিকে একই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর জাতীয় পর্যায়ের তরুণ উদ্ভাবকদের তৈরি স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনীর স্টল পরিদর্শন করবেন এবং সেরা উদ্ভাবকদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।