পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে সবুজের বার্তা ছড়িয়ে দিতে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (২৯ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতায় বাস্তবায়নাধীন ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস)’ প্রকল্পের উদ্যোগে উপজেলার প্রায় সব মাধ্যমিক বিদ্যালয়ে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। বিভিন্ন সরকারি ও বেসরকারি গণমাধ্যমে কর্মসূচিটি সরাসরি সম্প্রচার করা হয়। এর আগে সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর দেশের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো এক চিঠিতে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দেয়।
চিঠিতে বলা হয়, সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন বাস্তবায়নাধীন ‘লেইস’ প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক পর্যায়ের সব সরকারি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে জলবায়ু অনুদান হিসেবে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে সচেতন করে তুলতে এবং সবুজায়নের গুরুত্ব উপলব্ধি করাতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।