দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন।

দোয়ারাবাজার প্রতিনিধি প্রকাশিত হয়েছে- সোমবার, ২৯ জুন, ২০২৬

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯ জুন) উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশ্রাফুল আলম। তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি অধিক ফলন নিশ্চিত করা সম্ভব হবে।

পরে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উন্নতমানের উফশী রোপা আমন ধানের বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, সরকারের এ সহায়তা কর্মসূচির মাধ্যমে কৃষকদের আমন চাষে আগ্রহ বাড়বে এবং চলতি মৌসুমে উৎপাদন বৃদ্ধি পেয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।