চলন্ত ট্রেনে আবারও পাথর নিক্ষেপ, গুরুতর আহত যাত্রী

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- সোমবার, ২৯ জুন, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় আবারও চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ আজাদ (৩০) নামে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৮ জুন) রাত পৌনে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের কাছাকাছি কলেজপাড়া এলাকায় সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

ট্রেনের যাত্রী আকিব জাবেদ জানান, আহত মোহাম্মদ আজাদ পারাবত এক্সপ্রেসের ‘ঢ’ বগিতে করে ঢাকায় যাচ্ছিলেন। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে প্রবেশের আগে কলেজপাড়া এলাকা অতিক্রম করার সময় বাইরে থেকে ছোড়া একটি পাথর জানালার কাঁচ ভেঙে তার মাথায় আঘাত করে।

পাথরের আঘাতে আজাদ গুরুতর আহত হয়ে ট্রেনের ভেতরেই রক্তাক্ত অবস্থায় পড়ে যান। পরে সহযাত্রীরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। এ ঘটনায় পুরো ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে আশপাশের এলাকায় তদন্ত চলছে।

তিনি বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে র‌্যাব, গোয়েন্দা সংস্থা ও জেলা প্রশাসনের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরপরও কিছু দুষ্কৃতকারী এ ধরনের অপরাধ ঘটিয়ে যাচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত শুরু করেছে রেলওয়ে পুলিশ।

এর আগে গত ২১ জুন রাতে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে পৈরতলা এলাকায় পাথরের আঘাতে নাইমুল হাসান নামে এক যাত্রী আহত হন। গুরুতর জখম হওয়ায় তার মাথায় পাঁচটি সেলাই দিতে হয়েছিল।

এ ছাড়া গত ২৪ জুন রাতে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে আয়কর আইনজীবী শ্যামল চন্দ্র দাস গুরুতর আহত হন। ওই ঘটনায় তার ডান চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং দীর্ঘ অস্ত্রোপচারের পরও চোখটি রক্ষা করা সম্ভব হয়নি।

একের পর এক চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় রেলযাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। যাত্রীরা দ্রুত জড়িতদের গ্রেপ্তার এবং রেলপথে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন।