কয়েক মাস আগেও বিয়ের গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন অভিনেত্রী নাজনীন নীহা। তবে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ হিসেবে হালনাগাদ করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি এই অভিনেত্রী।
সোমবার (২৯ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ করে আপডেট দেন নাজনীন নীহা। এরপরই বিষয়টি নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকেই ধারণা করছেন, অভিনেত্রী হয়তো বাগদান সম্পন্ন করেছেন। তবে তিনি কাকে বিয়ে করতে যাচ্ছেন বা বাগদান কবে হয়েছে—এসব বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেননি।
স্ট্যাটাসটি প্রকাশের পর থেকেই তার পোস্টের মন্তব্যের ঘর শুভেচ্ছা ও নানা প্রশ্নে ভরে যায়। কেউ হবু জীবনসঙ্গীর পরিচয় জানতে চেয়েছেন, আবার কেউ মিষ্টি খাওয়ার দাবিও তুলেছেন। তবে এসব মন্তব্যের কোনো জবাব দেননি নাজনীন নীহা। ফলে তার ‘এনগেজড’ স্ট্যাটাসকে ঘিরে কৌতূহল আরও বেড়েছে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের একটি ছবি পোস্ট করেছিলেন এই অভিনেত্রী। সেই পোস্ট ঘিরেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে নাজনীন নীহা জানান, ছবিটি ব্যক্তিগত জীবনের নয়; বরং একটি নাটকের প্রচারণার অংশ হিসেবে পোস্টটি করেছিলেন তিনি। এরপর বিষয়টি নিয়ে তৈরি হওয়া জল্পনারও অবসান ঘটে।
তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। কারণ, নিজের ফেসবুক প্রোফাইলেই সম্পর্কের অবস্থান ‘এনগেজড’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। এরপরও বিষয়টি নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে কিছু না বলায় বাগদান সত্যিই সম্পন্ন হয়েছে কি না, নাকি এর পেছনেও অন্য কোনো কারণ রয়েছে—তা নিয়ে ধোঁয়াশা থেকেই গেছে।
অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তার বাগদান কিংবা হবু জীবনসঙ্গীর পরিচয় সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। ফলে নাজনীন নীহার নতুন এই স্ট্যাটাস আপাতত ভক্ত-অনুরাগীদের কৌতূহলই আরও বাড়িয়ে দিয়েছে।