এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিমসহ পাঁচজন

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- সোমবার, ২৯ জুন, ২০২৬

ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা হিসেবে পরিচিত মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে আজীবন সদস্যপদ প্রদান করেছে। একই সঙ্গে নিউজিল্যান্ডের সুজি বেটস ও সোফি ডিভাইন, অস্ট্রেলিয়ার মেল জোন্স এবং ভারতের চেতেশ্বর পূজারাও এই সম্মানজনক সদস্যপদ পেয়েছেন।

এক বিবৃতিতে এমসিসি জানায়, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার হিসেবে তামিম ইকবাল দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ অবদান রেখে আসছেন। ২০০৮ সালে টেস্ট অভিষেকের পর তিনি পাঁচ হাজারের বেশি টেস্ট রান করেছেন, যা বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ।

এমসিসি আরও উল্লেখ করে, ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে সেঞ্চুরি করে ঐতিহাসিক ‘অনার্স বোর্ড’-এ নাম লেখান তামিম। বাংলাদেশের খুব অল্প কয়েকজন ক্রিকেটারের মধ্যে তিনি একজন, যিনি এই কৃতিত্ব অর্জন করেছেন।

ওয়ানডে ক্রিকেটে ২৪৩ ম্যাচে আট হাজারের বেশি রান করে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে নিজের অবস্থান প্রতিষ্ঠা করেছেন তামিম। এছাড়া ২০১১ সালে তিনি উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের বর্ষসেরা ক্রিকেটার এবং উইজডেনের বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের স্বীকৃতি লাভ করেন।

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বকনিষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তামিম ইকবাল। এমসিসির আজীবন সদস্যপদ লাভ তার বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারে নতুন একটি আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।