নেত্রকোনার পূর্বধলা উপজেলার কালিহর নদী থেকে ইটের সঙ্গে রশি দিয়ে বাঁধা অবস্থায় এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নবজাতকের পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) সকালে উপজেলার হোগলা ইউনিয়নের কালিহর নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীতে একটি নবজাতকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় নদী থেকে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নবজাতকের মরদেহটি একটি কালো রঙের শার্টে মোড়ানো ছিল। সেটি লাল রঙের একটি রশি দিয়ে একটি ইটের সঙ্গে বাঁধা অবস্থায় নদীতে ফেলে দেওয়া হয়েছিল। পরে কোনো এক সময় মরদেহটি পানিতে ভেসে ওঠে এবং স্থানীয়দের নজরে আসে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। এমন নৃশংস ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। কে বা কারা কী উদ্দেশ্যে নবজাতকের মরদেহ নদীতে ফেলে গেছে, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি নবজাতকের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলেও জানান তিনি।