দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। আর আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে পাঁচ হাজার ৯২৪ জনে।
সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী রয়েছেন বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে)। এ সময়ে সেখানে ৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এছাড়া চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১৭ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আটজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া পাঁচজনের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজন এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন।
এদিকে, একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১০০ জন ডেঙ্গু রোগী। চলতি বছর এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে পাঁচ হাজার ৪৫৫ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।