আশাশুনির চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠে বৃক্ষরোপণ কর্মসূচি 

সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার, আব্দুর রশিদ প্রকাশিত হয়েছে- সোমবার, ২৯ জুন, ২০২৬

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে সাতক্ষীরার আশাশুনি উপজেলার সীমান্তবর্তী চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন ২০২৬) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার ঘোষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এম ডি আলমগীর কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোফাজ্জেল করিম।

এছাড়াও সহকারী শিক্ষক মো. আবু হাসান, দ্বীনবন্ধু সরকার, আশাশুনি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, কোষাধ্যক্ষ এস. এম. মোস্তাফিজুর রহমান, সদস্য তৌহিদুজ্জামানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ বছরের কর্মসূচির প্রতিপাদ্য ছিল— “প্রকৃতিকে বাঁচান, ভবিষ্যৎকে সুরক্ষিত করুন।”

প্রধান অতিথি এম ডি আলমগীর কবির বলেন, পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ প্রয়োজন। তিনি প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ করে তার যত্ন নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা, খেলাধুলা ও পরিবেশ সচেতনতার প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

তিনি আরও বলেন, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। শিক্ষাজীবনে সঠিক সিদ্ধান্তই ভবিষ্যৎ সফলতার ভিত্তি বলে তিনি মন্তব্য করেন।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার ঘোষ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হবে।

অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালিও অনুষ্ঠিত হয়।