বিশ্বকাপের নকআউট পর্বের প্রস্তুতির ব্যস্ততার মধ্যেও মাঠের বাইরের একটি ঘটনা নিয়ে আবারও শিরোনামে উঠে এসেছেন ব্রাজিল তারকা নেইমার। যুক্তরাষ্ট্র সফরের ফাঁকে নিউইয়র্কে গিয়ে প্রায় ১০ লাখ মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১২ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল হাতঘড়ি কিনেছেন তিনি।
বিশ্বকাপ চলাকালে ব্রাজিল দলের ক্যাম্প ছিল নিউ জার্সিতে। সেখান থেকে স্বল্প সময়ের জন্য নিউইয়র্ক সফরে গিয়ে বিখ্যাত বিলাসবহুল ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কোং-এর ফ্ল্যাগশিপ স্টোরে যান নেইমার। সেখান থেকে তিনি নিজের সংগ্রহের জন্য সীমিত সংস্করণের একটি বিশেষ টাইমপিস কেনেন।
ঘড়ি কেনার সময় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জ্যাকব আরাবো নিজেই নেইমারকে স্বাগত জানান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের সঙ্গে তোলা ছবি ও ভিডিও প্রকাশ করে তিনি জানান, বিশ্বকাপের ব্যস্ত সূচির মধ্যেও সময় বের করে তাদের নিউইয়র্ক বুটিকে এসে নতুন ঘড়িটি সংগ্রহ করেছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার।
বিলাসবহুল ঘড়ির প্রতি নেইমারের আগ্রহ নতুন নয়। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, তার ব্যক্তিগত সংগ্রহে রয়েছে হীরা খচিত ট্যুরবিয়োঁ, কাস্টমাইজড ও সীমিত সংস্করণের একাধিক মূল্যবান ঘড়ি। এসব সংগ্রহের আনুমানিক মূল্য ১৬ লাখ পাউন্ডেরও বেশি। নতুন কেনা ১০ লাখ ডলারের ঘড়িটি সেই সংগ্রহে আরও একটি মূল্যবান সংযোজন।
এদিকে দীর্ঘ ইনজুরি কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলেও ফিরেছেন নেইমার। ২০২৩ সালের শেষ দিকে হাঁটুর গুরুতর চোটে পড়ে টানা ৯৮১ দিন ব্রাজিল দলের বাইরে ছিলেন তিনি। পুনর্বাসন শেষে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে জাতীয় দলে প্রত্যাবর্তন করেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।
এখন পুরো মনোযোগ বিশ্বকাপে। গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে ওঠা ব্রাজিল রাউন্ড অব ৩২-এ জাপানের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত। কোচ কার্লো আনচেলত্তির অধীনে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সেলেসাওরা। নেইমার একাদশে থাকুন বা বদলি হিসেবে মাঠে নামুন, তার অভিজ্ঞতা ও সৃজনশীলতা দলের জন্য বড় শক্তি হয়ে উঠবে বলেই মনে করছেন সমর্থকরা।