২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ জুন, ২০২৬

সঞ্চালন ও বিতরণ গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজের কারণে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আড়াইহাজারসহ কয়েকটি এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

শুক্রবার (২৬ জুন) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস জানায়, সাসেক প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়নকাজের অংশ হিসেবে গোলাকান্দাইল মোড় ও রূপগঞ্জ এলাকায় বিদ্যমান সঞ্চালন ও বিতরণ গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ করা হবে।

এ কারণে রোববার (২৮ জুন) সকাল ৯টা থেকে সোমবার (২৯ জুন) সকাল ৯টা পর্যন্ত ভুলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার ও কাঞ্চন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস আরও জানিয়েছে, এ সময় উল্লিখিত এলাকার আশপাশের কিছু এলাকায়ও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে অথবা সাময়িকভাবে সরবরাহ বিঘ্নিত হতে পারে।

সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং উন্নয়নকাজ চলাকালে সবার সহযোগিতা কামনা করেছে।