দেশের ১১ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার (২৮ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় বলা হয়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।
এদিকে পৃথক এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগেই দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে চলমান ঝড়-বৃষ্টি ও ভারী বর্ষণের প্রবণতা আগামী কয়েক দিন, এমনকি সপ্তাহজুড়েই অব্যাহত থাকতে পারে। তাই প্রয়োজন ছাড়া খোলা স্থানে অবস্থান না করা এবং নৌযানসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।