লালমনিরহাটে তিস্তা নদীতে ভ্রাম্যমাণ আদালত: বালু তোলার সরঞ্জাম ও নিষিদ্ধ জাল ধ্বংস

লালমনিরহাট প্রতিনিধি,ফারুক সূর্য প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ জুন, ২০২৬

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকায় তিস্তা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস করা হয় এবং নিষিদ্ধ জাল পুড়িয়ে দেওয়া হয়।

গত শনিবার (২৭ জুন) দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পারভেজ খান ও মো. মামুনুর রশিদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র তিস্তা নদীর বিভিন্ন অংশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোটমারী এলাকায় বালু উত্তোলনের সত্যতা পেয়ে স্থানীয়দের সহযোগিতায় সরঞ্জামগুলো জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

একই অভিযানে নদীতে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল দিয়ে মাছ ধরার বিষয়টিও শনাক্ত করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেটরা জানান, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

এদিকে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা এবং তারা এ ধরনের কার্যক্রম আরও জোরদারের দাবি জানিয়েছেন।