লক্ষ্মীপুর ফোর লেন প্রকল্পে নকশা পরিবর্তনের অভিযোগ, তদন্ত ও হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিনিধ, মুহাম্মদ মাহফুজুল ইসলাম প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ জুন, ২০২৬

নোয়াখালী–বেগমগঞ্জ চৌরাস্তা হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত চলমান ফোর লেন সড়ক নির্মাণ প্রকল্পের একটি অংশে অনুমোদিত নকশা পরিবর্তনের অভিযোগ উঠেছে। প্রকল্পের গুরুত্বপূর্ণ একটি স্থানে এ ধরনের পরিবর্তনের চেষ্টা চলছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল।

অভিযোগ অনুযায়ী, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার থেকে ভবভদ্রী ব্রিজের উত্তরাংশে মূল নকশা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে। স্থানীয়দের ধারণা, ভবভদ্রী ব্রিজের উত্তর পাশে সরকারি জমিতে থাকা কিছু স্থাপনা রক্ষার স্বার্থে একটি প্রভাবশালী মহল এ পরিবর্তনের চেষ্টা করছে। পাশাপাশি সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের প্রভাবিত করার অভিযোগও তুলেছেন তারা।

তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি এবং অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এলাকাবাসীর আশঙ্কা, অনুমোদিত নকশা পরিবর্তন করা হলে সড়কের পাশ দিয়ে প্রবাহিত খালের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হতে পারে। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি, পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া এবং ভবিষ্যতে সড়ক নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, যেকোনো বড় অবকাঠামো প্রকল্পে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অনুমোদিত নকশা অনুযায়ী কাজ সম্পন্ন করা জরুরি। তারা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, প্রকল্প সংক্রান্ত তথ্য প্রকাশ এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এছাড়া এলাকাবাসী লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও সংশ্লিষ্ট পানি সম্পদ মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের প্রত্যাশা, দ্রুত তদন্তের মাধ্যমে প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।