মাদারীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ জুন) সকালে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
মাদারীপুর সিভিল সার্জন ডা. মো. শরীফুল আবেদীন কমলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তার। অনুষ্ঠানে পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন, আবাসিক মেডিকেল অফিসার ডা. অখিল সরকার এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকরামুল হোসেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মাদারীপুর জেলায় ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ১ লাখ ৭৫ হাজার ৩৯৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জেলার চারটি উপজেলা ও দুটি পৌরসভায় একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এ কাজে জেলার ১ হাজার ৪৮৮টি কেন্দ্রে প্রায় ৩ হাজার স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২২ হাজার ৫৭৯ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৫২ হাজার ৮১৫ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
সিভিল সার্জন ডা. মো. শরীফুল আবেদীন কমল বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রাতকানা রোগ প্রতিরোধের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি উন্নয়ন এবং শিশু মৃত্যুহার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিশু ক্যাপসুল গ্রহণ করতে না পারলে পরবর্তীতে নির্ধারিত কেন্দ্রে গিয়ে তা গ্রহণের সুযোগ থাকবে।