মাদক মামলায় দুই মিস্ত্রীকে আসামি করায় চৌদ্দগ্রামে এলাকাবাসীর মানববন্ধন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ জুন, ২০২৬

কুমিল্লার চৌদ্দগ্রামের গোমারবাড়ি এলাকায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় দুই নিরীহ মিস্ত্রীকে মামলায় আসামি করার অভিযোগ তুলে এলাকাবাসী মানববন্ধন করেছে।

র‍্যাব-৭-এর দাবি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর এলাকায় একটি বাসে অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজা, বিদেশি মদ ও বিয়ারসহ দুই নারীকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চৌদ্দগ্রামের গোমারবাড়ি পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরও ২৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়।

তবে স্থানীয়দের অভিযোগ, ওই অভিযানের সময় ‘স্বাক্ষী’ হিসেবে সঙ্গে নেওয়া দুই মিস্ত্রী মুজিবুল হক ও সিয়ামকে পরবর্তীতে মাদক মামলার আসামি করা হয়েছে। তাদের দাবি, র‍্যাব অভিযান চলাকালে স্থানীয়ভাবে উপস্থিত থাকা ওই দুই শ্রমিককে ঘটনাস্থল দেখানোর জন্য সঙ্গে নেয় এবং পরবর্তীতে মামলায় জড়ানো হয়।

শনিবার বিকেলে মুজিবুল হক ও সিয়ামের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেন। এতে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দুই মিস্ত্রীই খেটে খাওয়া সাধারণ মানুষ। তাদের কোনো ধরনের মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা নেই। তারা দাবি করেন, প্রকৃত অপরাধীদের আড়াল করতে নিরীহ দুই ব্যক্তিকে মামলায় ফাঁসানো হয়েছে।

অন্যদিকে র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উদ্ধার হওয়া মাদক অভিযানের অংশ হিসেবে অভিযুক্তদের গোয়ালঘর থেকে পাওয়া গেছে। তবে স্থানীয়রা এ দাবি প্রত্যাখ্যান করে বলেন, দুই পরিবারের কোনো গোয়ালঘর নেই এবং তারা গবাদিপশু পালনও করেন না।

এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়ে নিরপরাধ দুই মিস্ত্রীর মুক্তি দাবি করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।