বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার অসহায়, দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বিশেষ বরাদ্দের আওতায় বগুড়া-০৪ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের উদ্যোগে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
রোববার (২৮ জুন) সকাল ১০টায় নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পৌরসভার নয়টি ওয়ার্ডের অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন নন্দীগ্রাম পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম কামাল।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গোলাম হোসেন, বিএনপি নেতা বাচ্চু মিয়া, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। রাজনৈতিক দল ও স্থানীয় জনপ্রতিনিধিরা একযোগে দরিদ্র মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। চাল পেয়ে উপকারভোগীরা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।