দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মাদারগঞ্জে মানববন্ধন

মাদারগঞ্জ প্রতিনিধি, আনিছুর রহমান শাহীন  প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ জুন, ২০২৬

বগুড়ার সারিয়াকান্দি থেকে জামালপুরের মাদারগঞ্জ পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (২৮ জুন) দুপুরে মাদারগঞ্জ উপজেলা শহরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রায় দুই হাজার সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সারিয়াকান্দি-মাদারগঞ্জ দ্বিতীয় যমুনা সেতু নির্মিত হলে উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে। এর ফলে কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিল্প খাতের বিকাশের পাশাপাশি এ অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের অন্যতম দাবি হওয়া সত্ত্বেও এখনো সেতু নির্মাণের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাই দ্রুত প্রকল্পটি অনুমোদন ও বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল আমিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, চরপাকেরদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজনু ফকির, বালিজুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুঞ্জুরুল ইসলাম মুছা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিজুর রহমান সাকু, সাবেক মেয়র মোশারফ হোসেন লেমন তালুকদার, শিক্ষক আব্দুল মোত্তালিব সেলিম, মোহাম্মদ আলী জিন্নাহ মিষ্টারসহ আরও অনেকে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত দ্বিতীয় যমুনা সেতু প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তাদের মতে, এই সেতু নির্মিত হলে দুই জেলার মানুষের যাতায়াতের দুর্ভোগ কমবে এবং উত্তরাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।