দুই ফ্রিক ও এক পেনাল্টিতে বিশ্বকাপে আর্জেন্টিনার হ্যাটট্রিক জয়

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ জুন, ২০২৬

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। এবার শেষ ম্যাচেও দাপুটে পারফরম্যান্স দেখিয়ে জর্ডানকে ৩-১ গোলে পরাজিত করে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

রোববার (২৮ জুন) অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে আর্জেন্টিনা। ১৯তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন জিওভানি লো সেলসো। মেসির অনুপস্থিতিতে নেওয়া তার নিখুঁত শট জর্ডানের গোলরক্ষককে পরাস্ত করে।

৩০তম মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া এক আক্রমণে মার্কোস সেনেসির মুখে প্রতিপক্ষ খেলোয়াড়ের বুট লাগলে ভিএআর পর্যালোচনার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট-কিক থেকে ৩১তম মিনিটে গোল করে ব্যবধান ২-০ করেন লাওতারো মার্টিনেজ। এটি ছিল এবারের বিশ্বকাপে তার প্রথম গোল।

দুই গোলে পিছিয়ে পড়ার পর জর্ডান আক্রমণের চেষ্টা করলেও আর্জেন্টিনার রক্ষণভাগ তাদের বড় কোনো সুযোগ তৈরি করতে দেয়নি। প্রথমার্ধের যোগ করা সময়ে নিকোলাস ওতামেন্দির হেড অল্পের জন্য বাইরে চলে গেলে আরও একটি গোল থেকে বঞ্চিত হয় আর্জেন্টিনা। ২-০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার হাতেই। ৪৮তম মিনিটে লো সেলসো আবারও জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। তবে ৫৫তম মিনিটে এহসান হাদ্দাদের ক্রস থেকে মুসা আল-তামারি গোল করে ব্যবধান ২-১ করেন। এই গোলের মাধ্যমে টুর্নামেন্টে প্রথমবারের মতো গোল হজম করে আর্জেন্টিনা।

জর্ডানের গোলের পরই মাঠে নামানো হয় লিওনেল মেসিকে। বদলি হিসেবে নেমে ৮০তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নিজের চিরচেনা স্টাইলে অসাধারণ এক ফ্রি-কিক গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক। তার এই গোলে ম্যাচের ফল ৩-১ নিশ্চিত হয়।

শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় নিয়ে গ্রুপ পর্ব শেষ করে আর্জেন্টিনা। টানা তিন জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে অপরাজিত থেকেই নকআউট পর্বে পা রাখল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।