দুই জেলায় নতুন ডিসি

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ জুন, ২০২৬

দেশের দুই জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসান। অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আকতারকে কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সিলেটের তৎকালীন জেলা প্রশাসক সারওয়ার আলমকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়। এরপর থেকেই সিলেটের ডিসি পদটি শূন্য ছিল।

উল্লেখ্য, হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজারের তহবিল ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগকে ঘিরে সরওয়ার আলম সম্প্রতি আলোচনায় ছিলেন।