আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা শতভাগ নকলমুক্ত, সুষ্ঠু ও প্রভাবমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি কেন্দ্রপ্রধানদের সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে পরীক্ষা পরিচালনার আহ্বান জানিয়ে বলেন, প্রশ্নফাঁস বা কোনো ধরনের অনিয়মের অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
রোববার (২৮ জুন) সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রপ্রধানদের (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষা খাতে দীর্ঘদিনের আইনি জটিলতা ও মামলাজট অনেক সময় শিক্ষা কার্যক্রম এবং প্রশাসনিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করে। এসব সমস্যা দূর করে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
সভায় সিলেট শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্রপ্রধানরা উপস্থিত ছিলেন। এ সময় আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।