দীর্ঘদিন ধরে অবহেলিত ও চলাচলের অনুপযোগী হয়ে থাকা আশুলিয়ার ভাদাইল দক্ষিণপাড়া এলাকার একটি গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছে। স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে ব্যক্তিগত উদ্যোগে এ কাজ শুরু করা হয়েছে।
আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর মিয়ার উদ্যোগ ও অর্থায়নে রাস্তাটির উন্নয়ন ও সংস্কার কার্যক্রম শুরু হয়।
দীর্ঘ সময় সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদা ও পানিতে ডুবে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও পোশাক কারখানার শ্রমিকরা চরম দুর্ভোগে পড়েন।
স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং আশুলিয়া থানা বিএনপির নেতা আলহাজ্ব মো. ইদ্রিস আলী মিয়ার তত্ত্বাবধানে কাজটি পরিচালিত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, রাস্তার কাদা ও বড় বড় খানাখন্দ ভরাট করতে ট্রাকে করে ইটের খোয়া ও রাবিশ ফেলা হচ্ছে। শ্রমিকরা দ্রুত গতিতে মেরামত ও সংস্কার কাজ চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এ উদ্যোগ সম্পন্ন হলে দীর্ঘদিনের ভোগান্তি দূর হয়ে এলাকাটিতে স্বাভাবিক চলাচল ব্যবস্থা ফিরবে।