আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, আবেদন করবেন যেভাবে

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ জুন, ২০২৬

দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা কার্যক্রম চালু করেছে ভারত। রোববার (২৮ জুন) থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) নতুন করে পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে। ফলে বহুদিন ধরে অপেক্ষায় থাকা ভ্রমণপ্রত্যাশীদের জন্য ভারতের দুয়ার আবারও উন্মুক্ত হলো।

ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সম্প্রতি পর্যটন ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন। তিনি জানান, ধাপে ধাপে ভারতের ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করা হবে। একই সঙ্গে মানবিক কারণে চিকিৎসাপ্রত্যাশীদের মেডিকেল ভিসা দ্রুত নিষ্পত্তির উদ্যোগও অব্যাহত থাকবে।

প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত পাঁচটি আইভ্যাক কেন্দ্রের মাধ্যমে পর্যটন ভিসার আবেদন গ্রহণ করা হবে। পরে দেশের অন্যান্য ভিসা আবেদন কেন্দ্রেও এ সেবা সম্প্রসারণ করা হবে।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশিদের জন্য অধিকাংশ নিয়মিত ভিসা ইস্যু স্থগিত করেছিল ভারত। এরপর সীমিত পরিসরে মেডিকেল, ব্যবসায়িক, শিক্ষার্থী ও সরকারি ক্যাটাগরির ভিসা চালু থাকলেও পর্যটন ভিসা বন্ধ ছিল।

এবার আবেদন প্রক্রিয়ায় যুক্ত হয়েছে কয়েকটি নতুন নিয়ম। আবেদনকারীদের প্রথমে অনলাইনে ভিসা আবেদনপত্র পূরণ করে সেটি ডাউনলোড ও প্রিন্ট করতে হবে। এরপর নির্ধারিত সময়ে ওয়েবফাইল আপলোড করে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুকিং সম্পন্ন করতে হবে।

প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাইনআপ ও ওয়েবফাইল আপলোড করা যাবে। সফলভাবে ওয়েবফাইল আপলোডের পর বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং শুরু হবে। নিবন্ধনের সময় মোবাইল ও ই-মেইলে পাঠানো ওটিপির মাধ্যমে পরিচয় যাচাই সম্পন্ন করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে লগইন করতে হবে।

লগইন শেষে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করার পর সন্ধ্যা ৬টায় অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু হলে আবেদনকারী পরবর্তী দিনের জন্য নির্ধারিত একটি স্লট পাবেন। প্রয়োজনে সেটি একবার পরিবর্তনের সুযোগ থাকবে। অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর অনলাইনে ভিসা প্রসেসিং চার্জ পরিশোধ করতে হবে।

ভিসা আবেদনের সঙ্গে কমপক্ষে ছয় মাস মেয়াদসম্পন্ন মূল পাসপোর্ট, প্রথম চার পাতার ফটোকপি, পূর্বের সব পাসপোর্ট, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের কপি, ঠিকানার প্রমাণ, পেশাগত পরিচয়পত্র এবং আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে ব্যাংক স্টেটমেন্ট, আন্তর্জাতিক ক্রেডিট কার্ড অথবা ১৫০ মার্কিন ডলার সমমূল্যের বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট জমা দিতে হবে।

পর্যটন ভিসার জন্য আলাদা কোনো ভিসা ফি না থাকলেও ভিসা প্রক্রিয়াকরণ বাবদ আইভ্যাককে ১ হাজার ৫০০ টাকা পরিশোধ করতে হবে। আবেদন নিষ্পত্তি হলে এসএমএসের মাধ্যমে আবেদনকারীকে জানানো হবে এবং নির্ধারিত কেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহ করা যাবে।