“ঘুষ নয়, সেবা চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই” এবং “দুর্নীতি থামান… এখনই”—এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার আয়োজনে শনিবার সকালে শহরের অদূরে মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট সেন্টারের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সনাক সাতক্ষীরার সভাপতি মোঃ তৈয়েব হাসান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন টিআইবি খুলনার ক্লাস্টার কোঅর্ডিনেটর ফিরোজ উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইয়েস সদস্য শিলা জারিন তাসনিম।
সভায় বক্তারা বলেন, টিআইবি’র অংশগ্রহণমূলক দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অংশ হিসেবে ২০০৫ সাল থেকে সনাক সাতক্ষীরা স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এবারের অভিজ্ঞতা বিনিময় সভার মূল উদ্দেশ্য ছিল পূর্বের অর্জন, সীমাবদ্ধতা ও অভিজ্ঞতা পর্যালোচনার মাধ্যমে ভবিষ্যতের দুর্নীতিবিরোধী নাগরিক আন্দোলনকে আরও কার্যকর ও গতিশীল করা।
সভায় আরও উপস্থিত ছিলেন সনাক সাতক্ষীরার সহ-সভাপতি মোমেনা খানম ও মোঃ ইয়াছিন ছিদ্দীকী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সনাক সদস্য হেনরী সরদার, ভারতেশ্বরী বিশ্বাস, প্রফেসর মোঃ আব্দুল হামিদ, অ্যাডভোকেট এ.কে.এম শহীদউল্লাহ, ডাঃ সুশান্ত কুমার ঘোষ, কিশোরী মোহন সরকার, মোঃ আবুল বাসার, মোঃ অলিউর রহমান, জেসমিন আখতার, রেবেকা সুলতানা, সৈয়দা সুলতানা শিলা প্রমুখ।
এছাড়া সনাক, ইয়েস ও অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)-এর সদস্যসহ শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও ভূমি বিষয়ক উপ-কমিটির সদস্যরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত বক্তারা স্থানীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে নাগরিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।