স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- শনিবার, ২৭ জুন, ২০২৬

বাংলাদেশ নিজের জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই বিশ্বের যেকোনো দেশের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, সম্প্রতি চীন ও মালয়েশিয়া সফরেও বাংলাদেশ একই ধরনের বার্তা দিয়েছে।

শনিবার (২৭ জুন) রাজধানীর মিরপুরে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) আয়োজিত প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, মালয়েশিয়া ও চীন—উভয় দেশের সরকারই বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে আগ্রহী এবং সহযোগিতার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশও দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায়।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ সবসময় নিজের অবস্থান ও স্বার্থকে প্রাধান্য দেয়। কোনো দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অক্ষুণ্ন থাকবে।

ভারতের রাষ্ট্রদূতকে মন্ত্রী মর্যাদা দেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, এ সিদ্ধান্তের কারণে বাংলাদেশে নতুন করে কোনো রাজনৈতিক চাপ তৈরি হবে না। বরং এটি দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক তৈরিতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে চলচ্চিত্র শিল্প নিয়েও কথা বলেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, যারা চলচ্চিত্র নির্মাণ ও এ খাতের উন্নয়নে কাজ করতে চান, সরকার সবসময় তাদের পাশে থাকবে। চলচ্চিত্রকে শুধু সংস্কৃতির অংশ হিসেবে নয়, বাণিজ্যিকভাবে এগিয়ে নেওয়ার বিষয়েও সরকার প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

তিনি আরও জানান, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের (বিসিটিআই) স্থায়ী ক্যাম্পাস নির্মাণের বিষয়েও সরকার আন্তরিকভাবে কাজ করছে। দক্ষ নির্মাতা ও কলাকুশলী তৈরিতে প্রতিষ্ঠানটির ভূমিকা আরও বাড়ানোর লক্ষ্য রয়েছে।

সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রামাণ্যচিত্র নির্মাণের সঙ্গে যুক্ত প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, দেশের চলচ্চিত্র ও গণমাধ্যম অঙ্গনে নতুন প্রজন্মের দক্ষতা উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।