মাদারীপুরে পর্দা উঠল ওয়াজউদ্দিন মাতুব্বর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের

মাদারীপুর জেলা প্রতিনিধি, প্রণব কুমার সাহা প্রকাশিত হয়েছে- শনিবার, ২৭ জুন, ২০২৬

দেশি-বিদেশি তারকা ফুটবলারদের অংশগ্রহণে মাদারীপুরে শুরু হয়েছে ওয়াজউদ্দিন মাতুব্বর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মাদারীপুর জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

উদ্বোধনী ম্যাচে মাদারীপুর কলেজ রোড ক্রীড়াচক্রের মুখোমুখি হয় চরমুগুরিয়া স্পোর্টিং ক্লাব। নির্ধারিত ৮০ মিনিটে কোনো দল গোল করতে না পারায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। রোমাঞ্চকর লড়াই শেষে ৬-৫ গোলের ব্যবধানে জয় পায় চরমুগুরিয়া স্পোর্টিং ক্লাব।

মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব, সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন, ক্রীড়া সংগঠক ডা. মো. গোলাম সারোয়ার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মর্তুজা আলম ঢালীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, জেলার ছয়টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। আগামী ৩০ জুন ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো দর্শক স্টেডিয়ামে উপস্থিত হয়ে দেশি-বিদেশি খেলোয়াড়দের নৈপুণ্য উপভোগ করেন। দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো স্টেডিয়াম প্রাণবন্ত হয়ে ওঠে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার বলেন, খেলাধুলা তরুণদের সুস্থ, শৃঙ্খলাবোধসম্পন্ন ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, মাদারীপুরের ফুটবলের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, দেশি-বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতার মান উন্নয়ন এবং জেলার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করাই এ টুর্নামেন্ট আয়োজনের প্রধান লক্ষ্য।