ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণ গেল প্রতিভাবান ফুটবলারের

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- শনিবার, ২৭ জুন, ২০২৬

ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন দেশটির অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের প্রতিশ্রুতিশীল মিডফিল্ডার ইয়িমভার্ট বেরোরতেরান। বুধবার (২৪ জুন) দেশটির উত্তরাঞ্চলে সংঘটিত দুটি শক্তিশালী ভূমিকম্পের পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ভেনেজুয়েলা ফুটবল ফেডারেশন (এফভিএফ)।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভয়াবহ এই ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় ৯২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন প্রায় ৩ হাজার মানুষ। এই বিপর্যয়ে মাত্র ১৮ বছর বয়সী ইয়িমভার্টের মৃত্যু দেশটির ফুটবল অঙ্গনে গভীর শোকের সৃষ্টি করেছে।

ইয়িমভার্ট ছিলেন ভেনেজুয়েলার জাতীয় যুব দলের অন্যতম সম্ভাবনাময় খেলোয়াড়। ক্লাব পর্যায়ে ইউনিভার্সিদাদ সেন্ট্রাল দে ভেনেজুয়েলার (ইউভিসি এফসি) হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয়েছিল তার। প্রথম বিভাগের হয়ে তিনটি ম্যাচ খেলার সুযোগও পেয়েছিলেন তিনি। তবে প্রতিভাবান এই ফুটবলারের ক্যারিয়ার পূর্ণতা পাওয়ার আগেই মর্মান্তিকভাবে থেমে গেল তার জীবন।

এক শোকবার্তায় ভেনেজুয়েলা ফুটবল ফেডারেশন জানায়, দেশের জার্সি গায়ে গর্ব, নিষ্ঠা ও ভালোবাসার সঙ্গে প্রতিনিধিত্ব করা এক তরুণ প্রতিভাকে হারিয়েছে ভেনেজুয়েলার ফুটবল। ইয়িমভার্টের চলে যাওয়া পুরো ‘ভিনোটিন্টো’ পরিবারের জন্য গভীর বেদনার।

ফেডারেশন তার পরিবার, বন্ধু, সতীর্থ ও কোচিং স্টাফের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে বলেছে, ভেনেজুয়েলার ফুটবলে ইয়িমভার্টের স্মৃতি চিরদিন বেঁচে থাকবে। ইয়িমভার্টের ক্লাব ইউভিসি এফসিও শোক প্রকাশ করে জানায়, ‘তুমি ছিলে একজন যোদ্ধা। তুমি সবসময় স্মরণীয় হয়ে থাকবে। তোমার আত্মা শান্তিতে থাকুক।’

এদিকে এফভিএফ জানিয়েছে, এই ভূমিকম্পে আরও কয়েকজন ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তি প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন কারাকাস এফসির অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড় রজান সিজা, মারিটিমো লা গুয়াইরার ফুটবলার রিকার্দো ভেলোজ, জাতীয় বিচ সকার দলের সাবেক কোচিং স্টাফ সদস্য হোসে মিগেল সান্তানা এবং ক্লাব স্পোর্ট সান আগুস্তিনের ১৪ বছর বয়সী ফুটবলার ভিক্টর আন্দ্রেস পালাসিওস লেদেসমা।

তবে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও কিছুটা স্বস্তির খবর এসেছে। এডউইন পেরেজা, ভ্যালেরি গিল, এডেরসন রামোস, ব্রেইনেলিস মেন্ডোজা, ফাউস্তো এসকোবার, লুইস ওভালেস, এলিয়াস মার্টিনেজ, রুবেন রোভাইনা ও মাইনেল রন্দোনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে নিরাপদে রয়েছেন।