সামাজিক অনুষ্ঠান বিশেষ করে বিয়ে-শাদিতে অতিরিক্ত অর্থ অপচয় রোধে বাংলাদেশে কঠোর অতিথি নিয়ন্ত্রণ আইন চালুর প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন।
শুক্রবার (২৭ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভায় তিনি এ প্রস্তাব দেন।
মো. শাহাদাত হোসেন বলেন, দেশের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বিশেষ করে বিত্তশালীদের বিয়েতে বিপুল অর্থের অপচয় হচ্ছে। অনেক ক্ষেত্রে গায়ে হলুদসহ বিভিন্ন আয়োজনের জন্য দীর্ঘ সময় ধরে নাচের প্রশিক্ষণ, বিশেষ কোরিওগ্রাফি ও অন্যান্য বিনোদনমূলক কর্মকাণ্ডে বড় অঙ্কের অর্থ ব্যয় করা হয়।
তিনি বলেন, বিয়ের অনুষ্ঠানে অনেক মানুষ অংশ নেন এবং খাবারের ক্ষেত্রেও বড় ধরনের অপচয় হয়। অনুষ্ঠানে আসা অতিথিদের গ্রহণ করা খাবারের একটি বড় অংশ শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায়। এ ধরনের অনাকাঙ্ক্ষিত সামাজিক অপচয় বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
সংসদ সদস্য বলেন, অতীতে দেশে অতিথি নিয়ন্ত্রণের একটি ব্যবস্থা ছিল। তখন ১০০ জনের বেশি অতিথি হলে বিশেষ কর বা ট্যাক্স আরোপের নিয়ম ছিল বলে উল্লেখ করেন তিনি।
বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নতুন করে একটি ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়ে তিনি বলেন, বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে পরবর্তী প্রতিটি অতিথির জন্য ১ হাজার টাকা করে কর নির্ধারণ করা যেতে পারে।
তিনি আরও বলেন, বিত্তবানদের সামাজিক অনুষ্ঠানে অর্থের অপচয় ও প্রদর্শন বন্ধ করা সম্ভব হলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। এমনকি এর মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ক্ষেত্রেও ভূমিকা রাখা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।আলোচনা সভায় দেশের বাজেট, অর্থনৈতিক পরিস্থিতি ও সামাজিক নানা বিষয় নিয়ে মতামত তুলে ধরেন বক্তারা।