বাবা-ছেলের আজ একই দিনে জন্মদিন 

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- শনিবার, ২৭ জুন, ২০২৬

আজ ২৭ জুন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর জন্মদিন। ১৯৮৫ সালের এই দিনে শরীয়তপুরে জন্ম নেওয়া এই অভিনেতা ৪১ বছর পূর্ণ করে ৪২ বছরে পা রাখলেন।

এবারের জন্মদিনটি অপূর্বর জন্য বিশেষ হয়ে উঠেছে আরও একটি কারণে। একই দিনে জন্মদিন তার একমাত্র ছেলে জায়ান ফারুক আয়াশেরও। তাই প্রতি বছর বাবা-ছেলে একসঙ্গে জন্মদিন উদ্‌যাপন করেন। একই দিনে জন্মদিন হওয়াকে জীবনের বিশেষ আনন্দ হিসেবে দেখেন অপূর্ব।

জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেতা। সহশিল্পী, নির্মাতা ও ভক্তরা তার বিভিন্ন ছবি প্রকাশ করে শুভকামনা জানাচ্ছেন। অপূর্বর শোবিজ যাত্রা শুরু হয় ২০০২ সালে ‘মি. বাংলাদেশ’ নির্বাচিত হওয়ার মাধ্যমে। এরপর একটি বিজ্ঞাপনে কাজ করে পরিচিতি পান তিনি। ২০০৬ সালে ‘বৈবাহিক’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার।

দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন অপূর্ব। ২০১৭ সালে প্রচারিত ‘বড় ছেলে’ নাটকে তার অভিনয় ব্যাপক প্রশংসা পায়। এরপর থেকেই দেশের অন্যতম জনপ্রিয় নাট্য অভিনেতা হিসেবে নিজের অবস্থান শক্ত করেন তিনি। শুধু বাংলাদেশ নয়, ওপার বাংলার বিভিন্ন কাজেও অভিনয় করেছেন এই অভিনেতা।

ব্যক্তিগত জীবনেও নানা আলোচনায় ছিলেন অপূর্ব। তার তিনটি বিয়ে হয়েছে। প্রথমে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে, পরে নাজিয়া হাসান অদিতিকে এবং ২০২১ সালে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন তিনি। দ্বিতীয় সংসারে তার ছেলে জায়ান ফারুক আয়াশ এবং বর্তমান সংসারে রয়েছে কন্যাসন্তান আনায়া।

সম্প্রতি মুক্তি পেয়েছে অপূর্বর নতুন ওয়েবচিত্র ‘হেডলাইন’। এতে তার সঙ্গে অভিনয় করেছেন ইয়াশ রোহান, সারিকা সাবরিন ও চঞ্চল চৌধুরী। মুক্তির পর দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে কাজটি।

অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিত্ব ও দীর্ঘদিনের জনপ্রিয়তার কারণে দর্শকদের কাছে আলাদা জায়গা তৈরি করেছেন অপূর্ব। জন্মদিনে ভক্তদের ভালোবাসায় নতুন করে উদযাপিত হচ্ছে তার বিশেষ দিন।