সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে ১২টি পদের প্রতিটিতে একক প্রার্থী থাকায় সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৭ জুন) সকালে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচন পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। সভায় সমিতির সাধারণ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা যায়, ঘোষিত তফসিল অনুযায়ী গত ২ জুন মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। ১২টি পদের বিপরীতে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং ৭ জুন নির্ধারিত সময়ের মধ্যে সবাই মনোনয়নপত্র জমা দেন।
পরদিন ৮ জুন যাচাই-বাছাই শেষে সব মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ৯ জুন খসড়া প্রার্থী তালিকা প্রকাশের পর নির্ধারিত সময়ে কোনো আপিল না হওয়ায় ১৬ জুন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এরপর ১৭ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনেও কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় সমবায় বিধিমালা অনুযায়ী ১২ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও দোয়ারাবাজার উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও জিতেন্দ্র সূত্রধর। সভায় পূর্ববর্তী কার্যবিবরণী অনুমোদন, নির্বাচনী কার্যক্রম পর্যালোচনা এবং নির্বাচিত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়।
নির্বাচনী কার্যক্রম চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের এএসআই আব্দুল ওয়াদুদ দায়িত্ব পালন করেন।চূড়ান্ত ফলাফলে সভাপতি পদে আবুল হাশেম, সহ-সভাপতি পদে আবু হানিফ, সম্পাদক পদে মতলুব হোসেন এবং কোষাধ্যক্ষ পদে মো. আনিছুর রহমান নির্বাচিত হয়েছেন। সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. বাদল মিয়া, মো. মারুফুল ইসলাম, নুরু মিয়া ও আব্দুল আলী। মহিলা সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোছা. মমেনা খাতুন, ফাতেমা বেগম, ছায়নারা খাতুন ও নার্গিস আক্তার।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি বিজিত রঞ্জন কর বলেন, সমবায় বিধিমালা অনুসরণ করে সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রতিটি পদে একজন করে প্রার্থী থাকায় বিধি অনুযায়ী তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটি সমিতির উন্নয়ন ও স্থানীয় পানি ব্যবস্থাপনায় আরও কার্যকর ভূমিকা রাখবে।