বাঁশখালীতে ‘হযরত ইমাম হাসান-হোসাইন (রা.) মাদরাসা, এতিমখানা’র উদ্বোধন সম্পন্ন

বাঁশখালী প্রতিনিধি, মোহাম্মদ ফখরুল ইসলাম প্রকাশিত হয়েছে- শনিবার, ২৭ জুন, ২০২৬

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার উত্তর জলদী ২ নম্বর ওয়ার্ডের খলিলশাহ পাড়া (নতুন আবাসিক সংলগ্ন) এলাকায় নবপ্রতিষ্ঠিত ‘হযরত ইমাম হাসান-হোসাইন (রা.) মাদরাসা, হেফজখানা ও এতিমখানা’র উদ্বোধন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

গত শুক্রবার (২৬ জুন ২০২৬) বিকেল ৩টায় অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে খতমে কোরআন, দরূদ শরীফ পাঠ, কারবালা বিষয়ক আলোচনা, বিশেষ দোয়া-মোনাজাত এবং তাবারুক বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে আলেম-ওলামা, হাফেজে কোরআন, ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা ওসমান গনি সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট নাছির উদ্দীন, এপিপি, চট্টগ্রাম জজকোর্ট। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও দানবীর ইব্রাহিম সওদাগর।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আলহাজ মাওলানা ইব্রাহিম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা হাফেজ আব্দুল্লাহ, হাফেজ আনিসুর রহমান, মাওলানা হাফেজ মোসাদ্দেক ও মাওলানা মুহাম্মদ হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন হেফজ বিভাগের প্রধান হাফেজ মাওলানা তৈয়ব বিন আলম।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও প্রবাসী বিভিন্ন শ্রেণির ব্যক্তিবর্গ।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ আবু জাফর সিকদার ভার্চুয়ালি বক্তব্যে বলেন, কোরআন-সুন্নাহর আলোকে আদর্শবান হাফেজ গড়ে তোলা এবং এতিম ও অসহায় শিশুদের জন্য মানসম্মত দ্বীনি শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। তিনি বলেন, আধুনিক যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিষ্ঠানটি ইসলামী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং প্রতিষ্ঠানের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে তাবারুক বিতরণ করা হয়।