দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও সুশাসনের চেতনা জাগ্রত করার লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় উৎসবমুখর পরিবেশে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২৬ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর সার্বিক সহযোগিতায় বাঁশখালী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ওমর সানি আকন এবং বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহাবুদ্দিন চৌধুরী।
বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা তথ্য, যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে দুর্নীতির নেতিবাচক প্রভাব, সুশাসনের প্রয়োজনীয়তা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে তরুণ সমাজের দায়িত্ব ও ভূমিকা তুলে ধরে প্রাণবন্ত বিতর্ক উপস্থাপন করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; বরং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরে সততা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমের চর্চা আরও জোরদার করতে হবে। তারা তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।