ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া বা পরিচয় যাচাইয়ের জটিলতায় পড়ার ঘটনা প্রায়ই দেখা যায়। ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিরাপত্তা আরও জোরদার করতে ফেসবুকে রয়েছে ‘ভেরিফিকেশন সেলফি’ নামে একটি গুরুত্বপূর্ণ ফিচার। এই ফিচারের মাধ্যমে অ্যাকাউন্টের প্রকৃত মালিকানা যাচাই করা সহজ হয় এবং প্রয়োজনের সময় অ্যাকাউন্ট পুনরুদ্ধার প্রক্রিয়াও সহজ হতে পারে।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার এই নিরাপত্তা ফিচার ব্যবহার করলে নির্দিষ্ট পরিস্থিতিতে ব্যবহারকারীর পরিচয় যাচাই করা যায়। বিশেষ করে অ্যাকাউন্টে সন্দেহজনক কার্যক্রম দেখা দিলে এটি অতিরিক্ত সুরক্ষা স্তর হিসেবে কাজ করে।
ফিচারটি চালু করতে প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করতে হবে। এরপর ওপরের ডান পাশে থাকা থ্রি-লাইন মেনুতে গিয়ে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ থেকে ‘সেটিংস’ অপশনে প্রবেশ করতে হবে।
এরপর ‘অ্যাকাউন্টস সেন্টার’-এ গিয়ে ‘পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি’ অপশন নির্বাচন করতে হবে। সেখানে ‘ভেরিফিকেশন সেলফি’ অপশনে গিয়ে সংশ্লিষ্ট ফেসবুক অ্যাকাউন্ট নির্বাচন করতে হবে।
পরবর্তী ধাপে ‘নেক্সট’ বাটনে চাপ দিলে অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ই-মেইলে একটি যাচাই কোড পাঠানো হবে। কোডটি সঠিকভাবে দেওয়ার পর আবার ‘নেক্সট’ নির্বাচন করে ‘স্টার্ট সেলফি’ অপশনে যেতে হবে।
এরপর মোবাইল ক্যামেরা ব্যবহারের অনুমতি দিলে স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুসরণ করে সেলফি ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। অনেক ক্ষেত্রে ব্যবহারকারীকে মাথা নাড়ানো, ডানে-বামে তাকানো বা চোখের দৃষ্টি পরিবর্তনের মতো নির্দেশনা পালন করতে হতে পারে। যাচাই সফল হলে ফিচারটি সক্রিয় হয়ে যাবে।
তবে শুধু ভেরিফিকেশন সেলফি চালু করলেই অ্যাকাউন্ট শতভাগ নিরাপদ থাকবে—এমন নিশ্চয়তা নেই। অ্যাকাউন্ট নিরাপত্তা বাড়াতে শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার, টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা, অপরিচিত লিংকে ক্লিক না করা এবং নিয়মিত লগইন কার্যক্রম পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
এ ছাড়া অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ই-মেইল ও ফোন নম্বর সবসময় হালনাগাদ রাখলে ভবিষ্যতে অ্যাকাউন্ট পুনরুদ্ধারের প্রক্রিয়াও সহজ হয়।