ফুটবল পতাকার বদলে কালিমাখচিত পতাকায় সেজেছে টুঙ্গিপাড়ার বর্নি বাজার ব্রিজ

টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি, জসিম মুন্সী  প্রকাশিত হয়েছে- শনিবার, ২৭ জুন, ২০২৬

বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনার আবহে যখন সমর্থকরা নিজ নিজ প্রিয় দলের পতাকায় এলাকা সাজাতে ব্যস্ত, তখন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি বাজার এলাকায় দেখা গেল ভিন্নধর্মী এক উদ্যোগ। ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা অন্য কোনো দেশের পতাকার পরিবর্তে একটি সড়ক সেতু সাজানো হয়েছে পবিত্র কালিমাখচিত পতাকায়।

শুক্রবার (২৬ জুন) সকালে স্থানীয় কয়েকজন তরুণের উদ্যোগে গোপালগঞ্জ–বর্নি–সিঙ্গিপাড়া সড়কের বর্নি বাজার ব্রিজজুড়ে সারিবদ্ধভাবে টাঙানো হয় এসব পতাকা। ব্যতিক্রমী এ আয়োজন স্থানীয় বাসিন্দা ও পথচারীদের দৃষ্টি আকর্ষণ করেছে।

ব্রিজটি দিয়ে চলাচলকারী অনেকেই কিছুক্ষণ থেমে সাজসজ্জা উপভোগ করছেন। কেউ ছবি তুলছেন, আবার কেউ মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।

স্থানীয়দের ভাষ্য, প্রচলিত ফুটবল দলগুলোর পতাকার পরিবর্তে ধর্মীয় বার্তাসংবলিত পতাকা দিয়ে ব্রিজ সাজানোর উদ্যোগটি তাদের কাছে নতুন ও ব্যতিক্রমী মনে হয়েছে। নান্দনিকভাবে সাজানো এ দৃশ্য এলাকায় ইতিবাচক আলোচনারও জন্ম দিয়েছে।

পথচারীদের অনেকে মনে করছেন, এই উদ্যোগ বর্নি বাজার ব্রিজের সৌন্দর্য বৃদ্ধি করেছে এবং বিশ্বকাপ মৌসুমে এলাকাটিকে একটি স্বতন্ত্র পরিচিতি এনে দিয়েছে।

তবে জনসমাগমস্থলে এ ধরনের পতাকা বা প্রতীক ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি এবং স্থানীয় বিধি-বিধান মেনে চলার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে সচেতন মহল মনে করছে।