নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছররা গুলির ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৬ জুন) রাত ৯টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে দেওটি ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাশেদ ও রেদোয়ানসহ কয়েকজন যুবক একটি দোকান থেকে সিগারেট কিনে ধূমপান করছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন মুরব্বি তাদের ধূমপান করতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।
স্থানীয়দের ভাষ্য, ওই ঘটনার জেরে শুক্রবার রাতে দেওটি ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাশেদের নেতৃত্বে একদল যুবক নোয়াগাঁও এলাকায় গিয়ে মুরব্বিদের সঙ্গে থাকা নাহিদ ও নাঈমকে লক্ষ্য করে ছররা গুলি ছোড়েন। এতে নাহিদ ও নাঈমসহ অন্তত ৬ জন আহত হন।
আহতদের মধ্যে আশিক ও নাহিদকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ধূমপান করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছিল। এর জেরে পরদিন রাতে এসে গুলি চালানোর ঘটনা ঘটে।
তিনি বলেন, আহতদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। তবে একজনের পেট ও উরুতে গুলি লাগায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আরও জানান, এ ঘটনায় রাশেদসহ ১২ জনকে এজাহারভুক্ত আসামি করে মামলা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।