গ্রেপ্তার এড়াতে দুই পুলিশ কর্মকর্তাকে আসামির কোপ, অতঃপর…

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- শনিবার, ২৭ জুন, ২০২৬

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে দেশীয় ধারালো অস্ত্রের হামলায় পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) রাত ১২টার দিকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল লতিফ। তাদের মধ্যে এসআই রুহুল আমিন গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গেন্দুকুড়ি গ্রামের বাসিন্দা রাশেদুল ইসলাম ওরফে ‘রাশেদ চোর’-এর বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অপরাধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে শুক্রবার গভীর রাতে তার বাড়িতে অভিযান চালান এসআই রুহুল আমিন ও এএসআই আব্দুল লতিফ।

অভিযানের সময় রাশেদুল ইসলাম গ্রেপ্তার এড়াতে দেশীয় ধারালো দা দিয়ে দুই পুলিশ কর্মকর্তার ওপর এলোপাতাড়ি হামলা চালান বলে অভিযোগ। এতে এসআই রুহুল আমিনের হাতের কবজিসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। হামলায় আহত হন এএসআই আব্দুল লতিফও। হামলার পর অভিযুক্ত পালিয়ে যান।

ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে এসআই রুহুল আমিনের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অস্ত্রোপচারের প্রয়োজন হওয়ায় শনিবার সকালে তাকে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল (ডক্টরস ক্লিনিক)-এ স্থানান্তর করা হয়।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আনারুল ইসলাম বলেন, এসআই রুহুল আমিনের আঘাত গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তারের সময় তার হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তাদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।