এইচএসসির প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- শনিবার, ২৭ জুন, ২০২৬

আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি পরীক্ষার কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (২৭ জুন) রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষাকেন্দ্রগুলোর সচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ নির্দেশনা দেন।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিটি পরীক্ষার কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। একই সঙ্গে নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে কেন্দ্রসচিবসহ সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কেন্দ্রসচিবদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরীক্ষার্থীরা যেন নির্ভয়ে ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

সভায় রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সচিবরা সভায় অংশ নেন।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, এবার বোর্ডের অধীনে আট জেলায় মোট ২০৮টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন শিক্ষার্থী।

তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এবারের এইচএসসি পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হবে।