প্রথমবার বিশ্বকাপে খেলতে এসেই ইতিহাস গড়েছে আফ্রিকার ছোট্ট দ্বীপদেশ কেপ ভার্দে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে শেষ ৩২ দলের নকআউট পর্ব নিশ্চিত করেছে দলটি। গ্রুপ ‘এইচ’-এ তিন ম্যাচ অপরাজিত থেকে রানার্সআপ হওয়া কেপ ভার্দের সামনে এবার বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা।
শনিবার (২৭ জুন) হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে কোনো গোল না হলেও লড়াই, উত্তেজনা ও হিসাব-নিকাশে ভরপুর ছিল পুরো ৯০ মিনিট। কেপ ভার্দের সামনে ছিল ইতিহাস গড়ার সুযোগ, আর সৌদি আরবের জন্য এটি ছিল টুর্নামেন্টে টিকে থাকার শেষ লড়াই। শেষ পর্যন্ত নিজেদের শক্তিশালী রক্ষণভাগ ও শৃঙ্খলিত ফুটবলের কারণে কাঙ্ক্ষিত ফল পেয়ে যায় কেপ ভার্দে।
মাত্র সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার এই দেশটি এর আগে কখনো বিশ্বকাপের মূল পর্বে খেলেনি। তবে প্রথম অংশগ্রহণেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে তারা। গ্রুপ পর্বে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র এবং উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে সমতা এনে আলোচনায় আসে কেপ ভার্দে। শেষ ম্যাচেও হার এড়িয়ে নকআউট নিশ্চিত করেছে দলটি।
সৌদি আরবের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই সতর্ক ছিল দুই দল। প্রথম দিকে বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল কেপ ভার্দে। তবে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে আক্রমণে ফেরে সৌদি। দুই দলই কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি কেউই।
প্রথমার্ধে সৌদি আরবের বড় সুযোগ আসে যোগ করা সময়ে। তবে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা দারুণ দক্ষতায় বিপদ সামাল দেন। অন্যদিকে কেপ ভার্দের আক্রমণও কয়েকবার সৌদি রক্ষণে চাপ তৈরি করে, কিন্তু গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস প্রতিরোধ গড়ে তোলেন।
দ্বিতীয়ার্ধে সৌদি আরব গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। তবে কেপ ভার্দের রক্ষণভাগ ছিল দৃঢ়। শেষ পর্যন্ত গোলশূন্য ড্রতেই শেষ হয় ম্যাচ। এই এক পয়েন্ট নিয়েই তিন ম্যাচে ৩ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ হিসেবে নকআউট পর্বে উঠে যায় কেপ ভার্দে। এদিকে একই সময়ে হওয়া ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। এই হারের ফলে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো।
নকআউট পর্বে কেপ ভার্দের সামনে এখন সবচেয়ে বড় পরীক্ষা। আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় তারা মুখোমুখি হবে শক্তিশালী আর্জেন্টিনার। কাগজে-কলমে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও স্পেন ও উরুগুয়ের মতো দলের বিপক্ষে লড়াই করে পয়েন্ট নেওয়া কেপ ভার্দে ইতোমধ্যে প্রমাণ করেছে, তাদের সহজ প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই।