ইট বেঁধে কুকুরকে নদীতে ছুঁড়ে ফেলার ভিডিও প্রধানমন্ত্রীর নজরে, দিলেন যে নির্দেশ

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- শনিবার, ২৭ জুন, ২০২৬

নরসিংদীর নাগরিয়াকান্দি সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় অভিযুক্ত যুবক মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মোহাম্মদ আলী নরসিংদীর কামারগাঁও এলাকার আবদুর রবের ছেলে। বৃহস্পতিবার নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার কর্মকর্তা এ আর এম আল মামুন।

পুলিশ জানায়, গত বুধবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নাগরিয়াকান্দি সেতু থেকে একটি কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেন মোহাম্মদ আলী। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।

এদিকে অসহায় প্রাণীর প্রতি এমন নির্মম আচরণের বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। শুক্রবার ঘটনাটি জানার পর সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

নরসিংদী মডেল থানার কর্মকর্তা এ আর এম আল মামুন বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় অভিযুক্ত মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, স্থানীয় এক নারী কুকুরটিকে লালন-পালন করতেন। কিছুদিন আগে কুকুরটি মাটিতে গর্ত করায় ক্ষুব্ধ হয়ে আলী তার গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়েও তদন্ত চলছে।