আর্জেন্টিনাকে কড়া বার্তা কেপ ভার্দের কোচের 

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- শনিবার, ২৭ জুন, ২০২৬

বিশ্বকাপের অভিষেকেই ইতিহাস গড়েছে আফ্রিকার ছোট দেশ কেপ ভার্দে। প্রথমবারের মতো ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে খেলতে নেমেই গ্রুপ পর্বের বাধা পেরিয়ে শেষ-৩২এ জায়গা করে নিয়েছে দলটি। এবার তাদের সামনে আরও বড় পরীক্ষা—ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

নকআউট পর্বে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামলেও প্রতিপক্ষকে ভয় পাচ্ছেন না কেপ ভার্দের প্রধান কোচ বুবিস্তা। বরং তার বিশ্বাস, ফুটবলে অসম্ভব বলে কিছু নেই।

ম্যাচ-পূর্ব প্রতিক্রিয়ায় বুবিস্তা বলেন, ‘আমাদের জন্য কোনো কিছুই অসম্ভব নয়। এখন পর্যন্ত কেপ ভার্দে যা করেছে, তাতে আমাদের এবং দেশের মানুষদের গর্বিত হওয়া উচিত। আর্জেন্টিনা ও লিওনেল মেসির মতো দলের বিপক্ষে খেলতে পারাটা আমাদের জন্য বড় সম্মানের।’

মাত্র প্রায় পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে এবারের বিশ্বকাপে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। গ্রুপ পর্বে তিন ম্যাচে তিনটি ড্র করে ৩ পয়েন্ট সংগ্রহ করে তারা ‘এইচ’ গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয়। একই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন।

কোচ বুবিস্তা জানান, বিশ্বকাপে অংশ নেওয়ার শুরু থেকেই তাদের মূল লক্ষ্য ছিল নিজেদের দেশ ও ফুটবলকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা। সৌদি আরবের বিপক্ষে ড্রয়ের পর তিনি বলেন, ‘শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল নিজের দেশকে পুরো বিশ্বের সামনে তুলে ধরা। এখন এই পর্যায়ে এসে আর্জেন্টিনা এবং মেসির বিপক্ষে খেলার সুযোগ পাওয়া আমাদের জন্য অসাধারণ একটি বিষয়।’

তিনি আরও বলেন, ম্যাচের ফলাফল যাই হোক না কেন, বিশ্বকাপের এই মুহূর্ত কেপ ভার্দের জন্য গর্বের। দলটি নিজেদের সর্বোচ্চটা দিয়ে মাঠে লড়াই করবে।

আগামী ৪ জুলাই শেষ ষোলোর লড়াইয়ে আর্জেন্টিনা ও কেপ ভার্দে মুখোমুখি হবে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে আরও একটি চমক দেখিয়ে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিতে চায় আফ্রিকার এই নতুন শক্তি।