আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কোস্টাল ইয়ুথ সোসাইটির ফুটবল বিতরণ

শ্যামনগর প্রতিনিধি, এস কে সিরাজ   প্রকাশিত হয়েছে- শনিবার, ২৭ জুন, ২০২৬

“মাদক নয়, খেলাধুলা চাই—সুস্থ সমাজ গড়তে সবাই এগিয়ে আসি” এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে কোস্টাল ইয়ুথ সোসাইটি যুব সমাজের মধ্যে ফুটবল বিতরণ কর্মসূচির আয়োজন করেছে।

গত শুক্রবার বিকাল ৪টায় শ্যামনগর মহসিন কলেজের পূর্ব পাশে হায়বাতপুর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনটির উদ্যোগে একঝাঁক ফুটবলপ্রেমী তরুণদের মাঝে ফুটবল বিতরণ করা হয়। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রেখে খেলাধুলামুখী ও সুস্থ জীবনের পথে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও কোস্টাল ইয়ুথ সোসাইটির সভাপতি এস.কে. সিরাজ, সেক্রেটারি জি.এম. ইয়াছিন আরাফাত, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান ত্যাগী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ হযরত আলী শান্ত, কোষাধ্যক্ষ জি.এম. রাজু আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সভাপতির বক্তব্যে এস.কে. সিরাজ বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের সুস্থ ও ইতিবাচক পথে এগিয়ে নিতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের এক পর্যায়ে কোস্টাল ইয়ুথ সোসাইটির সভাপতি উপস্থিত যুবকদের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান। শপথে তারা প্রতিজ্ঞা করেন, তারা মাদক থেকে দূরে থাকবে, অন্যদেরও সচেতন করবে এবং খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখবে।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারী যুবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।