মালয়েশিয়া নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগের পাশাপাশি দেশটিতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধতা দেওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
শনিবার (২৭ জুন) মালয়েশিয়া ও চীন সফর শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় চালু করা এবং দেশটিতে থাকা অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধতা দেওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি জানান, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছে মালয়েশিয়া। একই সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ অর্জনের প্রচেষ্টায় সমর্থন দেওয়ার বিষয়েও দেশটি ইতিবাচক মনোভাব জানিয়েছে।
দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে খলিলুর রহমান বলেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে নতুন উচ্চতায় পৌঁছেছে। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী হচ্ছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শেয়ার করা ‘মহাজাদু’ গানকেও তিনি দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের একটি প্রতীক হিসেবে উল্লেখ করেন।
চীন সফরের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, তিস্তা প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করতে সম্মত হয়েছে চীন। এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বা ফিজিবিলিটি স্টাডি দ্রুত এগিয়ে নিতে দুই দেশ একমত হয়েছে।
তিনি বলেন, এবারের চীন সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হয়েছে। বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের মধ্যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, মালয়েশিয়া ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং অর্থনীতি, শ্রমবাজার ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করবে।