সুন্দরবনে কোস্ট গার্ডের সাথে দুলাভাই বাহিনীর বন্দুকযুদ্ধ, নিহত ১, গুলিবিদ্ধ ২

জী এম নূরুল হুদা, বাগেরহাট প্রতিনিধি প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৬ জুন, ২০২৬

সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে বনদস্যু ‘দুলাভাই বাহিনীর’ সদস্যদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সওকত সরদার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া রবিউল ইসলাম ও ইসরাফিল হাওলাদার নামে আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে কয়রা উপজেলার সুন্দরবন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত সওকত সরদার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত এজাহার আলীর ছেলে। গুলিবিদ্ধ রবিউল ইসলাম একই এলাকার মৃত মানিক গাজীর ছেলে এবং ইসরাফিল হাওলাদার (২৭) সাতক্ষীরার আশাশুনি উপজেলার আটালি বাগালি গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে।

কয়রা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম জানান, শুক্রবার ভোরে দুই দফায় কোস্টগার্ড দুইজন গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে সওকত সরদারকে মৃত অবস্থায় আনা হয়। অপর গুলিবিদ্ধ রবিউল ইসলামকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে দুপুরের দিকে পুলিশ ইসরাফিল হাওলাদারকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তার ডান হাতের আঙুলে গুলির আঘাত এবং পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, প্রাথমিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে কোন কোন বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে গোলাগুলির ঘটনায় শুক্রবার দুপুরে কোস্টগার্ডের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা জেলার কয়রা থানার বনপাড়া সংলগ্ন সুন্দরবনের গহীনে বাংলাদেশ কোস্টগার্ডের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী’র সদস্যদের সঙ্গে রাতভর গোলাগুলির ঘটনা ঘটে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বোটে অবস্থানরত ডাকাত দল কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অতর্কিত গুলি চালায়। আত্মরক্ষার্থে কোস্টগার্ড সদস্যরাও ডাকাতদের বোট লক্ষ্য করে গুলি ছোড়ে। অভিযানে তিনজন ডাকাত সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

কোস্টগার্ড জানায়, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং পলাতক ডাকাত সদস্যদের আটকের লক্ষ্যে অভিযান চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

বর্তমানে সুন্দরবনের ওই এলাকায় কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পাশাপাশি স্থানীয়দের গুজবে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।